গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে ইউসুফ ও জুনাইদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত দুই শিশুর বয়স ৯ বছর। ইউসুফ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গড়কড়া গ্রামের বাসিন্দা এবং জুনাইদ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের বাসিন্দা। তারা দুজনই স্থানীয় তহুরউদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজন ও স্থানীয়রা জানান, ইউসুফ ও জুনাইদ পাশাপাশি বাড়িতে ভাড়া থাকত এবং একই স্কুলে পড়ার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো তাদের বাবা-মা সন্তানদের স্কুলে পাঠিয়ে কারখানায় কাজে চলে যান।
স্কুল শেষে বাড়িতে ফিরে দুই শিশু খেলতে বের হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরপাড়ে ইউসুফের জুতা দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুকুরে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর পুকুরের পানি থেকে ইউসুফ ও জুনাইদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল করিম বলেন, “দুই শিশু নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে পুকুরে উদ্ধার অভিযান চালানো হয়। পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।“



