Thursday, September 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধামরাইয়ে নৈশপ্রহরীকে পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে ডাকাতি

চার্জিং পয়েন্ট থেকে ৪টি অটোরিকশা ও ৬টি ব্যাটারি লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

ঢাকার ধামরাইয়ে একটি অটো চার্জিং পয়েন্টে নৈশপ্রহরীকে পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে ৪টি অটোরিকশা ও ৬টি ব্যাটারি ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়কের গোয়ালদি এলাকার ‘বিল্লাল অটো চার্জিং পয়েন্টে’ এই ডাকাতি সংঘটিত হয়।

লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০-১২ লাখ টাকা বলে জানা গেছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্রসহ চার্জিং পয়েন্টের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে কর্তব্যরত নৈশপ্রহরী মজিবুর রহমানকে পিস্তল ও ছুরির মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা চার্জিং পয়েন্টে চার্জে থাকা ৪টি অটোরিকশা এবং আরও ৬টি অটোরিকশার ব্যাটারি লুটে নিয়ে পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়।

ভুক্তভোগী নৈশপ্রহরী মজিবুর রহমান বলেন, "হঠাৎ একদল লোক তালা কেটে ভেতরে ঢুকে আমার মাথায় পিস্তল ও গলায় ছুরি ঠেকায়। চিল্লাচিল্লি করলে মেরে ফেলার হুমকি দিয়ে আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর চোখের সামনে সব গাড়ি আর ব্যাটারি নিয়ে চলে যায়।"

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, সকালে গোয়ালদি এলাকার বিল্লাল অটো চার্জিং পয়েন্টে ডাকাতির খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

   

About

Popular Links

x