রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় বাস ডাম্পিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে টার্মিনালসংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তাদের অবরোধের ফলে সৃষ্ট যানজট মহাখালীর পাশাপাশি বনানী, গুলশান, তেজগাঁও ও সাতরাস্তা পর্যন্ত গিয়ে ঠেকেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানায়, মহাখালী বাস টার্মিনাল এলাকায় যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে পুলিশ বাস ডাম্পিং করে। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
সম্প্রতি মহাখালীতে অলস পড়ে থাকা বাস পূর্বাচলে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে পুলিশ। এ নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। সেই অসন্তোষ থেকে সড়ক অবরোধে নামার কথা বলেছেন পরিবহন শ্রমিকরা।
অন্যদিকে কামরুল হাসান নামে এক বাসচালক বলেন, “টার্মিনালের বাইরে গাড়ি পাইলেই পুলিশ ডাম্পিং করতেছে, রেকার বিল ধরিয়ে দিচ্ছে।”
তার ভাষ্য, “পূর্বাচলে যেখানে তাদের বাস রাখতে বলা হচ্ছে, সেখানে যথাযথ নিরাপত্তা নেই। গাড়ির ব্যাটারি পর্যন্ত চোর নিয়ে যাচ্ছে। এ হয়রানি থেকে মুক্তি না পেলে আমরা অবরোধ সরাব না।”
এদিকে অবরোধের কারণে মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এ অবস্থায় নগরবাসীকে ওই সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন।



