বহুল আলোচিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে তৎকালীন কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
রবিবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেন নামের এক আসামিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রসিকিউটর তানভীর হাসান জোহার বরাতে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জিজ্ঞাসাবাদে আসামি মোজাফফর হোসেন জানান, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ একটি বিশেষ হেলিকপ্টারে চট্টগ্রাম সফর করেছিলেন। এর ঠিক দুই দিন পর, ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অতর্কিত হামলা চালানো হয়। উক্ত হামলায় কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। এ বিষয়ে আরও বিস্তারিত ও সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটনে আসামিকে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক বাহিনীর একদল সদস্যের হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ সাড়ে চার দশক পর চলতি বছরের ১৫ জুলাই রাজধানীর বনানী এলাকা থেকে উক্ত মামলার আসামি মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পাশাপাশি আসামি মোজাফফর হোসেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়েও অভিযুক্ত। গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর থেকে তদন্ত সংস্থার হেফাজতে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।



