আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গুলিতে নিহত শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের (৩০) মরদেহ ইসলামী রীতি অনুযায়ী দাফন করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদী বলেন, “আদালতের নির্দেশে ইসলামী রীতি অনুযায়ী শুভর লাশ দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে। রাতে তার লাশ মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।”
মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, গুলিতে নিহত শুভ চন্দ্র দাসের সুরতাল প্রতিবেদন তৈরি করে লাশ হস্তান্তরের সময় তার মা, ভাই ও স্ত্রী দাবি করেন শুভ মুসলিম হয়েছে। তবে প্রথম দিকে আমরা তাকে হিন্দু বলে জেনেছি। তার বাবা নিহত শুভর ধর্ম হিন্দু বলে দাবি করেন।
পরবর্তীতে এই বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। ২০০৩ সালে শুভর মা’র সঙ্গে তার বাবার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর শুভর মা তার সকল সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় শুভর ইসলামিক নামকরণ করা হয় বিল্লাল হোসেন। তার ভাই সজিব থেকে নাম পরিবর্তন করে ইব্রাহিম, তার বোন ও মায়ের নাম আয়েশা রাখা হয়।
এ নিয়ে নিম্ন আদালতে জটিলতা সৃষ্টি হলে লাশ হস্তান্তর করতে পারিনি, হিমঘরে লাশ রাখা হয়। পরে তার মা ও স্ত্রী সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে গিয়ে আবেদন করেন।
আদালত ইসলামী শরিয়া মোতাবেক লাশ দাফনের পক্ষে নির্দেশনা দেন। সেই আদেশ অনুযায়ী নিহতের স্ত্রী ও স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয় ও ইসলামী শরিয়া মোতাবেক লাশ দাফন করা হয়।



গুলিতে নিহত শুভর ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ, হয়নি শেষকৃত্য