Friday, October 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাথায় আঘাত করে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ, মোটরসাইকেল পুড়িয়ে দিল জনতা

অভিযুক্ত ব্যক্তি হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত সাবেক আহ্বায়ক

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১১:৪২ পিএম

রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটির জেরে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এরপর দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়। অভিযুক্ত ব্যক্তি হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) ফেরদৌস আহাম্মেদ সাইমন। পরে স্থানীয় লোকজন তার মোটরসাইকেল আটক করে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় লোকজন সাইমনের বিরুদ্ধে স্লোগান দেন বলে জানা গেছে।

হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, সোহাগ (৪৫) নামের এক ব্যক্তির সঙ্গে সাইমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইমন সোহাগের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন। এরপর সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করে ভাঙচুর করেন, পরে তাতে আগুন ধরিয়ে দেন।

ঘটনাস্থলে থাকা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

আহত সোহাগের ঠিকানা ৬২/এ নিউ ইস্কাটন। সোহাগের অভিযোগ, সাইমন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, এসব কারণেই সাইমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

   

About

Popular Links

x