Friday, October 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাদ্রাসাছাত্রকে কক্ষে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক কারাগারে

এ ঘটনায় মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পিএম

সিলেট নগরীর ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসায় ১২ বছর বয়সী এক ছাত্রকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। নির্যাতনের অভিযোগ ওঠা শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মইনুল জাকির জানান, নগরীর ঘাসিটুলা লামাপাড়া এলাকার শিশুটির মা মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক মতিউর রহমানকে গ্রেপ্তার করে।

অভিযোগে শিশুটির মা জানান, তার ১২ বছর বয়সী ছেলে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদ্রাসার শিক্ষার্থী। গত এক মাস ধরে বিভিন্ন সময়ে শিক্ষক মতিউর রহমান তাকে ডেকে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে একই ধরনের চেষ্টা করা হয়।

অভিযোগে আরও বলা হয়, কয়েক মাস ধরে এমন ঘটনা ঘটলেও ভয় ও হুমকির কারণে শিশুটি বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। এ কারণে সে বারবার মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে আসত। পরে একবার পালিয়ে এসে মামার কাছে বিষয়টি খুলে বলে।

ওসি খান মো. মইনুল জাকির জানান, শিশুটির অভিযোগের ভিত্তিতে শিক্ষক মতিউর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x