Friday, October 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরপুরে সরকারি আবাসন ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

তাদের মধ্যে এক ব্যক্তির দুটি পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন 

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম

রাজধানীর মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে প্রকল্পটির ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন - প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)।

তাদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। দুর্ঘটনায় নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।   

ভবনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ফজরের নামাজের পর পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি নিচে পড়ে যায়। শব্দ শুনে দারোয়ান সেখানে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।”

এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। তবে সরাসরি আমাদের এখনো জানানো হয়নি। খবর পাওয়ার পর সেখানে আমাদের লোকজন পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x