রাজধানীর মোহাম্মদপুরে চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বৃহস্পতিবার ( ১ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি পাওয়া যায়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আসাদ এভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে ৯২ নম্বর ঠিকানায় অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে ঘণ্টাটি চুরি হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা ৩ মিনিটের পর কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা চার্চের দোতলার খোলা জায়গা থেকে এটি নিয়ে যায়। ওই দিন ভোর ৪টা ৩৫ মিনিটে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিমের সমন্বয়ে অভিযান শুরু করা হয়।
ওসি বলেন, “পুলিশের অভিযানের মুখে চোর বা চোরেরা চুরি করা ঘণ্টাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
চুরির আগে গত বুধবার রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সোর্সের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আব্দুল হালিম আরও বলেন, “উদ্ধার করা পিতলের ঘণ্টাটি থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”



