এক রাতেই পরপর তিন দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের মিজোরাম-ত্রিপুরা ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকা। এসব কম্পনের প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।
এর ঠিক এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এ কম্পন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে আবার ত্রিপুরার আগরতলায় ৩.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদুভাবে কম্পন অনুভূত হয়েছে।
তিন দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় রাতে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।



