Thursday, November 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

টানা চতুর্থ দিনের মতো তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৭.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৬ পিএম

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ওপর দিয়ে হিমালয়ের হিমেল বাতাসে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে পাল্লা দিয়ে দিনের পর দিন কমছে তাপমাত্রাও। ফলে টানা চতুর্থ দিনের মতো জেলার তেঁতুলিয়ায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৭.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার এখানে রেকর্ড করা হয় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর আগে রবিবার পঞ্চগড়ে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, গতকালের তুলনায় আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। গতকাল সকাল ৯টায় ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছিল আজ মঙ্গলবার সকাল ৯টায় ৭ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজও সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জানুয়ারি মাসের ২০ দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং গত চারদিন ধরে এখানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রীর মধ্যে থাকলে তা মাঝারি শৈত্যপ্রবাহ বলে তিনি জানিয়েছেন।

মাঝারি শৈত্যপ্রবাহ ও আবহাওয়ার টানা এ অবস্থানে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে দুর্ভোগে পড়েছেন শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের মানুষ।

পঞ্চগড় জেলা শহরের পান দোকানদার আমিনার রহমান জানান, পান বিক্রি করে সংসার চলে। তাই বাধ্য হয়ে শীতের মধ্যে দোকান খুলতে হয়। বাতাসের কারণে দোকানের ভেতরেও বসে থাকা যাচ্ছে না।

হোটেল শ্রমিক নুর নবী জানান, ভোর বেলা বাড়ি থেকে বের হয়ে হোটেলে কাজের জন্য আসতে হয়। বাড়ি থেকে বের হলে হাত-পা কুঁকরে যাচ্ছে আর রিকশা ভ্যানে চড়লে ঠাণ্ডায় কাঁবু হত হচ্ছে।

জেলা শহরের ইসলামবাগ এলাকার গৃহিণী উম্মে কুলসুম মিতা জানান, শীতের প্রকোপ এতটাই বেশি যে ঘরের ভেতরেও থাকা যাচ্ছে না। তারপরও ভোর থেকে রাত পর্যন্ত ঠাণ্ডা পানি ব্যবহার করতে হয়। স্বামী, ছেলে-কন্যা তাদের জন্য তো কাজ করতেই হবে। হাত-পাও অবশ হয়ে যায়।

এদিকে, একটানা শীতের প্রকোপে জেলা জুড়ে শিশু ও বয়স্করা শীত ও শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সিরাজউদ্দৌলা পলিন বলেন, “হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগ সবখানে রোগীর চাপ বেড়েছে। প্রতি বছর এ সময়টায় এখানকার মানুষ শীত ও শীতজনিত নানা রোগে আক্রান্ত হন। শীতের সময়টাতে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. শাহা আলম মিয়া বলেন, “ঘনকুয়াশার স্থায়ীত্ব বেশি হলে এসময়ের ফল ফসলের ক্ষতি হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ায় এখন পর্যন্ত কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তারপরও মাঠ পর্যায়ের কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কৃষকদের নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে। তারপরও ঘন কুয়াশায় বীজতলা যেন ক্ষতি না হয়, তার জন্য কৃষকদের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।”

পঞ্চগড়ের জেলা প্রশাসন প্রায় ৩৪ হাজার কম্বল বিতরণ করেছেন। শীতবস্ত্রের চাহিদা বাড়লেও জেলা প্রশাসনের কাছে নতুন করে কোন শীতবস্ত্র আসেনি। তবে শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

   

About

Popular Links

x