সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ সাময়িক স্থগিত করেছে আদালত।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই আদেশ দেন। তবে তার স্ত্রী চুমকির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলবে।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে প্রদীপ কুমার দাশকে কাশিমপুর কারাগার থেকে তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বলেন, “প্রদীপ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ। তবে হাইকোর্টে এ মামলার বিরুদ্ধে একটি আবেদন শুনানির অপেক্ষায় আছে বলে জানান তার আইনজীবীরা। সেটি নিষ্পত্তির আগ পর্যন্ত ওসি প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখার জন্য আদালতে আবেদন জানান তারা। শুনানি শেষে আদালত তা সাময়িকভাবে স্থগিত করেন। তবে স্ত্রী চুমকির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলবে বলে আদেশ দেন বিচারক।”
পরে গত বছরের ১ সেপ্টেম্বর মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে আদালত।
এর আগে, ২০২১ সালের ২৬ জুলাই ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
অভিযোগপত্রে বলা হয়, চট্টগ্রামের পাথরঘাটায় ছয়তলা বাড়ি, ষোলশহরের বাড়ি, ৪৫ ভরি সোনা, একটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস, ব্যাংক হিসাব ও কক্সবাজারে একটি ফ্ল্যাট রয়েছে চুমকির নামে। তার বিরুদ্ধে ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের হদিস পায় দুদক।



