Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মন্ত্রী: দেশের মৎস্য ও প্রাণিসম্পদ বিদেশে রপ্তানি হচ্ছে

দেশীয় প্রজাতির সকল প্রকারের মাছ যাতে পাওয়া যায় সেজন্য সরকার সকল প্রকারের পদক্ষেপ নিয়েছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের চাহিদা পূরণ করে মৎস্য ও প্রাণিসম্পদ আজ বিদেশে রপ্তানি হচ্ছে। বিলুপ্ত প্রায় সকল দেশীয় প্রজাতির মাছ আবারও স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে। দেশীয় প্রজাতির সব প্রকারের মাছ যাতে পাওয়া যায় সেজন্য সরকার সকল প্রকারের পদক্ষেপ নিয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) পিরোজপুরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে আমাদের উদ্যোগী হতে হবে। মাছ সংরক্ষণের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা সম্ভব। ডিমওয়ালা মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে হবে। এতে করে আমাদের পরিপূর্ণভাবে মাছের চাহিদা মিটবে।”

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “শেখ হাসিনার শাসন আমলে এ দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়। দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়, কৃষকরা ভালো থাকেন। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা ও প্রচেষ্টায় সম্ভব হয়েছে।”

পিরোজপুরের উন্নয়ন সম্পর্কে এসময় মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, “কারও বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচার করে কেউ কখনও সফল হতে পারেনি। যেখানে যতটুকু সুযোগ পাই, চেষ্টা করি পিরোজপুর যেন কোনো উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত না হয়। আজকে পিরোজপুরে সরকারি আবাসিক এলাকা হয়েছে। করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মাঝেও আমি ঘরে বসে থাকিনি। এ এলাকার উন্নয়নের জন্য এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করেছি। আমি বাহ্‌বা কুড়ানোর কাজ করি না। মানুষ আমাকে ভোট দিয়েছেন। তাদের ভোটের মর্যাদা রাখার জন্য আমি কাজ করছি।”

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহম্মাদ সাঈদুর রহমান, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো. আনিচুর রহমান তালুকদার।

এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ মাঠে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করতে ১০টি গাভী বিতরণ করেন এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিক এর উদ্বোধন করেন।

এছাড়াও বুধবার মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

   

About

Popular Links

x