পর্নোগ্রাফি আইনে প্রেমিকার করা মামলায় অর্ণব পাল নামে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে চমেক হাসপাতাল থেকে চট্টগ্রাম মহানগর পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার অর্ণব পাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি চমেক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, “এক নারীর করা মামলায় অর্ণব পাল নামের এক ইন্টার্ন চিকিৎসককে গ্রেপ্তার করেছে ডিএমপি। অর্ণবকে হোস্টেল থেকে রাতে গ্রেপ্তার করা হয়। ঢাকার খিলক্ষেত থানায় পর্নোগ্রাফি আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মামলার বাদীর সঙ্গে অর্ণব পালের প্রেমের সম্পর্ক ছিল। পর্নোগ্রাফি আইনে মামলাটি গত ফেব্রুয়ারি মাসে করা হয়েছিল। তবে এর বেশি কিছু আমরা জানি না।”



