ব্রাজিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে ভোজ্যতেলের দাম না কমলে বাংলাদেশেও পুরোপুরি কমবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোয় বাজারে তেলের দাম বাজারে কিছুটা কমেছে, এছাড়া পেঁয়াজের দামও কম উল্লেখ করে তিনি বলেন, “বাসার জন্য আমি ২৮ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনেছি।”
সোমবার (৪ এপ্রিল) দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, “দেশের নিম্ন আয়ের এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। আমদানি পণ্যের দ্রুত খালাস ও শুল্কায়ন এবং দ্রুত পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।”
নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ভোজ্যতেলের ওপর ভ্যাট প্রত্যাহারের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে। দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত আছে। অন্যান্য পণ্যের মজুত স্থিতিশীল, বাজারে পণ্যের ঘাটতি নেই।”
বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী।
এর আগে, গত ২৮ মার্চ বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে ১৭ সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবারের প্রথম বৈঠকে পণ্য নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারী মজুতদারদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে মাত্রাতিরিক্ত দাম নেওয়ার ওপর নজরদারি বৃদ্ধি এবং ভোজ্যতেলের মিলগেট, পরিবেশক ও ভোক্তা পর্যায়ের বিক্রয়মূল্য ঠিকভাবে প্রদর্শন ও বাস্তবায়নের সুপারিশ করেছে টাস্কফোর্স।



