ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি ফ্লাইওভারের ওপর থেকে এক যুবকের (৩২) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার হাইওয়ে এক্সপ্রেসের আতাদী ফ্লাইওভারের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি হামিদ উদ্দিন জানান, আতাদী ফ্লাইওভারের ওপরে এক পথচারী নিহতের খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গিয়েছে।



