দেশে অবিবাহিত নারী-পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি সিলেট বিভাগে। সিলেটে অবিবাহিতের হার ৩৭.৭৭%।
জনশুমারি ও গৃহগণনা- ২০২২ এর প্রাথমিক তথ্যে একথা জানানো হয়।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ তথ্য উপস্থাপন করেন “জনশুমারি ও গৃহগণনা-২০২১” প্রকল্প পরিচালক দিলদার হোসেন।
প্রতিবেদনের প্রাথমিক তথ্য অনুযায়ী, অবিবাহিতের হার বরিশালে ২৭.২০% , চট্টগ্রামে ৩২.৫৭%, ঢাকায় ২৮.৯৩%, খুলনায় ২৪.৫২%, ময়মনসিংহে ২৭.৭৫%, রাজশাহীতে ২৪.৩৮% ও রংপুরে ২৫.৭৮%।
জনশুমারির তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ এবং নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন। মোট জনসংখ্যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন।



