বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে বলে ঘোষণা দিয়েছেন। এটি কমিউনিকেশন স্যাটেলাইট হবে না। এই স্যাটেলাইট ঘুরে ঘুরে পৃথিবীর সমস্ত জিনিসপত্র আমাদের দেখাবে।”
শনিবার (৭ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. শাহজাহান মাহমুদ বলেন, “বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু আমাদের আনাচেকানাচে কমিউনিকেশনের সুযোগ নেই। আমরা সবকিছু দেখতে পারি না। প্রধানমন্ত্রী একটা বিরাট সমুদ্র অঞ্চল আমাদের জয় করে এনে দিয়েছেন। এতো বড় একটা অঞ্চল শুধু আনলে হবে না, এটা তদারকি করতে হবে। ওই অঞ্চলের সম্পদ যাতে অন্য কেউ আহরণ করতে না পরে। এই সম্পদ চুরি কিংবা ডাকাতি বন্ধে নজরদারি রাখতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ দিয়ে এ অঞ্চল পাহারা দেওয়া হবে।”
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহজাহান মাহমুদ/ ঢাকা ট্রিবিউনতিনি আরও বলেন, “বাংলাদেশের স্যাটেলাইটের শুরুটা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নামে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এর জন্য গর্বিত। আর তার নামে এমন একটি বিশাল প্রজেক্টে কাজ করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞ।”
এর আগে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর এক মিনিট নীরবতা পালন করেন। তারপর তিনি বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ড. সাজ্জাদ হোসেন, ব্যারিস্টার রেজা-ই-রাকিব, উজ্জ্বল বিকাশ দত্ত, ড. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ্ আহমেদুল কবির এবং কোম্পানি সচিব (উপ-সচিব) মো. রফিকুল হক উপস্থিত ছিলেন।



