রাজধানীর চকবাজারের কামালবাগ দেবীদ্বারঘাট এলাকায় প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় ফকরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে ভবনে আগুনের সূত্রপাত, সেই ভবনের নিচতলায় “বরিশাল হোটেল” নামে একটি হোটেলের মালিক তিনি।
মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সরকার।
তিনি বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী সোমবার রাতে চকবাজার থানায় রেস্টুরেন্ট মালিক ও ভবন মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
নিহতদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
প্রসঙ্গত, এর আগে, সোমবার দুপুর ১২টার দিকে চকবাজার এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এর ৯ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়। পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ওসমান (২৫), বিল্লাল (৩৫), স্বপন (২২) ও শরীফ (২০)। বাকী দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে নিহত ছয়জনই কারখানার নিচে অবস্থিত একটি হোটেলের শ্রমিক।



