গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাসবেলুন বিস্ফোরণে আহত কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেনের বরাতে শনিবার (১৭ আগস্ট) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন।
ডা. এস এম আইউব হোসেন বলেন, “আবু হেনা রনি শঙ্কামুক্ত নন, এখনই কিছু বলা সম্ভব নয়। তার শ্বাসনালী ও এক কান পুড়ে গেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কলকাতা থেকেও অনেকেই ফোন করছেন। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। তার শরীরের ২৫% পুড়ে গেছে। আমাদের আরও অপেক্ষা করতে হবে।”
আরও পড়ুন- গ্যাসবেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি দগ্ধ
চিকিৎসকদের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কৌতুক অভিনেতা আবু হেনা রনির সঙ্গে আরও এক যুবককে রাখা হয়েছে। তার শরীরের ১৯% দগ্ধ হয়েছে, তারও শ্বাসনালী পুড়ে গেছে।
জিএমপি সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন শুক্রবার ঢাকা ট্রিবিউনকে জানান, মঞ্চের পূর্ব পাশেই ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন রাখা ছিল। ওড়ানোর কথা থাকলেও অতিথিরা শেষ পর্যন্ত বেলুনগুলো ওড়াতে পারেননি। অবিস্ফোরিত বেলুনগুলো অনুষ্ঠান মঞ্চের পেছনে নেওয়ার পরপরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দের পর গিয়ে দেখা যায় মঞ্চের পেছনে সবগুলো বেলুনই বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে আছে। আহতরা মাটিতে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়।
জিএমপির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব আখতার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আইজিপি বেনজীর আহমেদ।



