টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৩-এ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) শীর্ষ দুই বাংলাদেশি বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে।
১০৪টি দেশ ও অঞ্চল থেকে ১,৭৯৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন এ র্যাংকিং প্রকাশ করে। তালিকায় ৬০১ থেকে ৮০০তম অবস্থানের মধ্যে জায়গা পেয়েছে ঢাবি ও এনএসইউ।
পাঠদান, গবেষণা, জ্ঞান ভাগাভাগি ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি-এই চারটি ক্ষেত্রে ১৩টি সূচক বিবেচনায় নিয়ে র্যাঙ্কিংটি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বিশ্বব্যাপী ১,২০১ থেকে ১,৫০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে।
টানা সপ্তমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। তাদের পরেই রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি । তবে গত বছর যৌথভাবে পঞ্চম স্থানে থাকা ক্যামব্রিজ ইউনিভার্সিটি এবার যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছে।
১৭৭টি প্রতিষ্ঠানসহ সামগ্রিকভাবে সর্বাধিক প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। শীর্ষ ২০০টির মধ্যে ৫৮টি স্থান নিয়ে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করেছে দেশটি।
১১টি প্রতিষ্ঠান নিয়ে শীর্ষ ২০০ এর মধ্যে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চীনের অবস্থান চতুর্থ। অস্ট্রেলিয়া যৌথভাবে নেদারল্যান্ডসের সঙ্গে পঞ্চম অবস্থানে আছে।
র্যাংকিংয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে পাঁচটি আফ্রিকান দেশ। এগুলো হচ্ছে-জাম্বিয়া, নামিবিয়া, মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মরিশাস।
শিক্ষাদানের বিবেচনায় হার্ভার্ড ও গবেষণায় অক্সফোর্ড শীর্ষে রয়েছে।



