“গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে”- বিএনপির এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “গায়েবি মামলা কী? কাকে বলে? এটা আমি জানি না। যাদের ধরা হচ্ছে, তাদের বিরুদ্ধে অবশ্যই সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।”
রবিবার (২০ নভেম্বর) বিকেলে ভারত সফর শেষে দেশে ফিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন- কাদের: জনগণ বিএনপিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের স্থান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ঠিক করে দেবেন বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, “বিএনপি একটি রাজনৈতিক দল। তারা সবকিছু মেনেই মিটিং করবে। কিন্তু আইন ভাঙে, জ্বালাও-পোড়াও করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।”
বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা (বিএনপি) বলছে ২৫ লাখ মানুষ এক জায়গায় সমবেত হবেন। এতো মানুষ এক জায়গায় জড়ো হলে আপনারা বুঝতে পারেন কী দশা হবে?”
আরও পড়ুন- পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতাদের এসএমএসে বিরক্ত কাদের
তিনি আরও বলেন, “আমরা ডিএমপি কমিশনারকে বলেছি, ঢাকায় কোথাও এতো বড় মাঠ বা জায়গা আছে কি-না দেখতে। থাকলে সেখানে যেন মিটিং করার সুযোগ দেওয়া হয়। ঢাকায় তো ১০ হাজার লোক হলেই অচল হয়ে যায়।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যেহেতু কোনো রাজনৈতিক চর্চায় আমরা বাধা দিচ্ছি না, তাই তারা যদি এরকম আয়োজন করে, তাহলে এমন জায়গায় যেন করে- যেখানে তাদের জায়গা হয়।”



