Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফরিদপুরে কবরস্থানের ভেতর দিয়ে বিএডিসি সেচ প্রকল্পের পাইপ

তবে এ কারণে কবরস্থানের কোনো সমস্যা হবে না বলে দাবি বিএডিসি কর্তৃপক্ষের

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১২:০১ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কবরস্থানের ভেতর দিয়ে সেচ প্রকল্পের পাইপ বসিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচ কাইচাইল ও মাঝিকান্দা গ্রামবাসী নির্ধারিত একটি জায়গাকে কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছেন দীর্ঘদিন ধরে। পাঁচ কাইচাইল গ্রামের এই কবরস্থানের ভেতর দিয়েই পাইপটি বসানো হয়েছে। 

যা যথাদ্রুত স্থানান্তরের দাবি গ্রামবাসীর।

স্থানীয়দের অভিযোগ, অনেক দিন ধরেই বিএডিসি সেচ প্রকল্পের একটি ড্রেনের অবস্থান ছিল কবরস্থানের সীমানা লাগোয়া। কিন্তু সম্প্রতি আগের জায়গা থেকে সরিয়ে কবরস্থানের ভেতর দিয়ে পাইপ বসায় সেচ প্রকল্পের লোকজন। 

এতে কবরস্থানটি ব্যবহারে সমস্যার সম্মুখীন হতে হবে স্থানীয়দের।

এ বিষয়ে কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. এসকেন্দার আলী শেখ বলেন, ‌‘‌‘আমাদের সঙ্গে কথা না বলেই প্রকল্পের লোকজন কাজটি করেছে। পাইপটি কবরস্থান বাদে অন্য জায়গা দিয়ে নিলে আমাদের কোনো সমস্যা নেই।''

প্রকল্প সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দা নুরু মুন্সী বলেন, ‘‘যে জায়গা দিয়ে পাইপ স্থাপন করা হয়েছে সেই জায়গাটি কবরস্থানের নয়। জমির মালিক জায়গাটি অনেক আগে কবরস্থানের কাছে বিক্রি করলেও কবরস্থান কর্তৃপক্ষ টাকা দিতে ব্যর্থ হয়েছে। তাই জমিটি এখন তাদের নয়।''

এ বিষয়ে বিএডিসি সেচ প্রকল্পের প্রকৌশলী ইকরামুল হক বলেন, ‘‘আগের জায়গা দিয়ে সেচ প্রকল্পের পাইপ স্থাপন করা কষ্টসাধ্য ব্যাপার। তবে এ পাইপে কবরস্থানের কোনো সমস্যা হবে না।''

কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খাঁন বলেন, ‘‘বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছেন। গ্রামবাসীর সঙ্গে কথা বলে সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।'' 

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হক বলেন, ‘‘সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের ব্যবস্থা করা হবে।''

   

About

Popular Links

x