রাজধানীর গুলিস্তানের একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন শতাধিক। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে উদ্ধার কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক দিন মনি শর্মা। তিনি বলেন, “নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে একটা ভবনে বিস্ফোরণ ঘটেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক সাংবাদিকদের জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় আটজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজন মারা যান।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেছেন, “এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। লাশগুলো ঢামেক মর্গে রাখা হয়েছে।”



