পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। পাঁচ ফুট লম্বা ডলফিনটির পেটের অংশ ফাটা এবং লেজের দিকে আঘাতের চিহ্ন রয়েছে।
রবিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে কুয়াকাটা সৈকতের পূর্বদিকে ফ্রাই মার্কেট সংলগ্ন এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয় ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা।
এর আগে গত ১১ মে সৈকতের ঝাউবন এলাকায় দুটি ইরাবতী ডলফিনের মরদেহ এসেছিল।
জুয়েল বলেন, “বিকেলে সৈকত থেকে গঙ্গামতি এলাকায় যাওয়ার পথে ডলফিনটিকে এখানে পড়ে থাকতে দেখি। সকালের জোয়ারে মৃত ডলফিনটি ভেসে আসে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি।”
উপকূলের পরিবেশ ও জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, “সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। সম্ভব হলে আমরা স্যাম্পল সংগ্রহ করে পরিক্ষা-নিরীক্ষা করব।”
এ বিষয়ে বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, “ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে খবরটি জেনেছি। আমাদের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছি।”



