দেশের প্রায় দেড় কোটি মানুষ করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (৪ জুন) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড টিকার বুস্টার ডোজের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজকে ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রে বুস্টার ডোজের বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। এসব কেন্দ্রে ৮৫ হাজার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী টিকাদান কার্যক্রমে অংশ নিচ্ছেন। এর মাধ্যমে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই টিকাদান কার্যক্রম এবং কোভিড নিয়ন্ত্রণ সফলতার সঙ্গে চলছে।”
তিনি বলেন, “দেশে টিকার কোনো অভাব নেই। টিকা নিতে আমাদের দেশে কোথাও কোনো সমস্যা হয়নি। ইতোমধ্যে প্রায় ১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ এবং ১১ কোটি ৭৭ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রায় দেড় কোটি মানুষ বুস্টার ডোজ পেয়েছেন।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রম এবং করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ রোল মডেল হয়েছে। টিকাদান কার্যক্রম ও করোনাভাইরাস নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম ও সারাবিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। কোভিড নিয়ন্ত্রণ করতে পারার কারণে দেশের অর্থনীতি, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, দৈনন্দিন জীবনযাত্রাসহ সবকিছু স্বাভাবিক রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, পরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার সামিউল হক, পরিচালক এমএসমসি অ্যান্ড এইচ ডাক্তার শামছুল হক, পরিচালক স্বাস্থ্য ঢাকা বিভাগ ডাক্তার ফরিদ হোসেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান চৌ্ধুরী, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দীন প্রমুখ।



