চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে একটি ভোটকেন্দ্রের পাশের মাঠ থেকে কিছু হেলমেটসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে কে বা কারা এগুলো রেখেছিল, তা জানা যায়নি।
বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১২ নম্বর ছনুয়া ইউনিয়নের আওতাধীন ১ নম্বর ওয়ার্ডের ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক, কয়েকটি ক্রিকেট স্টাম্প ও ৮টি হেলমেট উদ্ধার করা হয়েছে। কারা এসব অস্ত্র রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, বুধবার সকাল থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। ১৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৭৫, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১৫৪ ও সাধারণ সদস্য ৫৪৭ লড়াই করছেন। নির্বাচনে ১২৭টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৯৩৬ জন।
র্যাবের ওই কর্মকর্তা জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণ রাখতে সকাল থেকেই মাঠে কাজ করছে র্যাব।



