চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে জেলার ১৩টি উপজেলায় ৯৪ জন ও চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতালে ৫০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
বাকি ১৫ জন রোগী বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে বাংলা ট্রিবিউন।
এদিকে গত নয় দিনে মোট ৩৬৮ জন ডায়রিয়া রোগী বিআইটিআইডিতে ভর্তি হয়েছেন।
এছাড়া হাসপাতালে পরীক্ষা করা ৯৩টি নমুনার মধ্যে ৪২ রোগীর শরীরে কলেরার জীবাণু রয়েছে বলে প্রমাণিত হয়েছে।
এদিকে চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতালের চিকিৎসক নুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, শুধু মঙ্গলবারই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ৫০ জন রোগী ভর্তি হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, ১৫ আগস্ট থেকে এই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।



