ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে অবস্থান জানিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি ফেসবুক পোস্ট করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
“অনেকে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অবস্থান জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।”
“নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাসকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এবং এর উদ্দেশ্য ও লক্ষ্যের সাথে সংহতি প্রকাশ করছে। এনএসইউ পাঠ্যক্রম ও পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের মাধ্যমে ছাত্র রাজনীতির মূল্যবোধের প্রতি সহনশীলতা ও সম্মান জানায়।”
“মূলত, এনএসইউ একটি অরাজনৈতিক, অসাপ্রদায়িক এবং অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বমানের শিক্ষা প্রদান ও গবেষণা সংস্থা হিসেবে পরিচিত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনৈতিক কার্যকলাপের অনুমতি নেই। তবে এনএসইউ-এর যেকোনো শিক্ষার্থীর ক্যাম্পাসের বাইরে নিজ রাজনৈতিক মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে।”
নর্থ সাউথ ইউনিভার্সিটির নাম ও লোগো বিশ্ববিদ্যালয়ের নিজ সম্পত্তি। এটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
গত বৃহস্পতিবার ও শুক্রবার সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ব্র্যাক, নর্থ সাউথ, ইনডিপেনডেন্ট, ইস্ট ওয়েস্টসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করে।
এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য প্ল্যাটফর্মে সমালোচনার ঝড় উঠেছে।



