Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে শুরু হলো সুকান্ত মেলা

সুকান্ত স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক বলেন, সুকান্তের জন্মবার্ষিকী উপলক্ষে ১০ বছর ধরে আমরা এই মেলার আয়োজন করছি। কবির জন্ম আগস্ট মাসে। আগস্ট মাস শোকের মাস হওয়ায় প্রতি বছর মার্চের প্রথম সপ্তাহে মেলার আয়োজন করা হয়

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৪:১৪ পিএম

তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে নতুন প্রজন্মের ভেতরে ছড়িয়ে দিতে গত দশ বছর ধরে সুকান্তের পৈত্রিক ভিটা গোপালগঞ্জে আয়োজন করা হয় “কবি সুকান্ত মেলা”। সেই ধারাবাহিকতায় জেলার কোটালীপাড়ায় বুধবার (১ মার্চ) থেকে পাঁচ দিনব্যাপী এই মেলার শুরু হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এই মেলার আয়োজক। আয়োজক কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গত বছর করোনাভাইরাস মহামারির কারণে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। তবে এ বছর পাঁচ দিনব্যাপী মেলা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন। আয়োজনের মধ্যে রয়েছে আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া দেশের বরেণ্য শিল্পীর অংশগ্রহণে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বসবে বই ও গ্রামীণ মেলা।

মেলাটি আগামীতেও যেন অব্যাহত থাকে- এ বিষয়ে উপজেলা প্রশাসন কাজ করছে বলে জানান কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।

তিনি বলেন, “উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তি, স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা এ মেলার আয়োজন করেছি। আগামীতেও মেলা অব্যাহত রাখতে কাজ করছি।”

কবি সুকান্ত স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অশোক কর্মকার বলেন, “সুকান্তের জন্মবার্ষিকী উপলক্ষে ১০ বছর ধরে কবির পৈত্রিক ভিটায় আমরা এই মেলার আয়োজন করছি। কবির জন্ম আগস্ট মাসে। আগস্ট মাস শোকের মাস হওয়ায় প্রতি বছর মার্চের প্রথম সপ্তাহে মেলার আয়োজন করা হয়।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, “কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে আরও নানামুখী উদ্যোগ নেওয়া দরকার।”

সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে তার মৃত্যু হয়। দেশভাগের আগেই গোপালগঞ্জের কোটালীপাড়ার ঊনশিয়া গ্রামের ভিটেমাটি ছেড়ে কলকাতায় পাড়ি জমায় সুকান্তের পরিবার। “ছাড়পত্র”, “ঘুম নেই”, “পূর্বাভাস”, “অভিযান”, “হরতাল” প্রভৃতি সুকান্তের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

   

About

Popular Links

x