রমজানের প্রথম দিনে ইফতার বাজারের ছবি তুলতে গিয়ে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে ঢাকা ট্রিবিউনের ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপুকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে চকবাজার থানার সহকারী পুলিশ কমিশনারের বিরুদ্ধে।
শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে চকবাজার থানার সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে কর্মরত।
তিনি বলেন, “জুম্মার নামাজের পর অফিস অ্যাসাইনমেন্টের জন্য চকবাজারে যাই ইফতারের ছবি তুলতে। সেখানে টেম্পু স্ট্যান্ডে আমার মোটরসাইকেল পার্কিং করতে চাইলে চালকরা আমাকে বাধা দেন। আমি এর প্রতিবাদ করলে কয়েকজন পুলিশ সদস্য এসে আমার সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করেন। এ সময় একজন পুলিশ সদস্য পেছন থেকে আমার ব্যাগ ধরে টান দেন। তখন সিভিল পোশাকে থাকা লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জয়েন উদ্দিন মুহাম্মদ যিয়াদ এসেই মুখে ঘুষি মারেন।”
তিনি আরও বলেন, “ঘটনার সময় সঙ্গে থাকা আমার সহকর্মীরা প্রতিবাদ করলে পুলিশ তাদের সঙ্গেও দুর্ব্যবহার শুরু করে। এরপর সেখান থেকে চলে যায়।
বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম। তিনি বলেন, “একটু ভুল বোঝাবুঝি হয়েছে। কোনো সমস্যা নেই, মিলমিশ করে দেওয়া হয়েছে।”
এদিকে এ বিষয়ে জানতে চাইলে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জয়েন উদ্দিন মুহাম্মদ যিয়াদ বলেন, “এটা সামান্য বিষয়। মোটরসাইকেল রাখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কারও গায়ে হাত তোলা হয়নি।”



