Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রতিমন্ত্রী: তদন্তের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসনকে আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছি- হতাহতদের এখনই ১৫ হাজার টাকা করে দেবেন। আহতদের চিকিৎসার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৫:২৬ পিএম

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তদন্তের পর পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

তিনি বলেছেন, “এখন পর্যন্ত এই ঘটনাকে আমরা দুর্ঘটনা হিসেবেই বর্ণনা করবো। তদন্ত প্রতিবেদন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো মতামত দেওয়া ঠিক হবে না। তদন্তের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে।”

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, “বঙ্গবাজারসহ প্রায় ৬টি মার্কেট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  হয়েছে। ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঈদ উপলক্ষে তারা অনেক মালামাল ক্রয় করেছিলেন। সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। যদিও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অনেকেই কিছু মালামাল উদ্ধার করে সরিয়ে নিতে পেরেছেন।”

তিনি বলেন, “অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।  ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। যেকোনো দুর্ঘটনার পরেই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের পর আমরা আসল কারণ জানতে পারবো। অগ্নি-নির্বাপন, উদ্ধার কার্যক্রমসহ সার্বিক বিষয়ে  প্রধানমন্ত্রী নিজেই সমন্বয় করেছেন। সারাক্ষণ আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন।”

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, “তদন্ত করে ক্ষয়ক্ষতি নির্ধারণের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূনর্বাসনের কাজ করা হবে। জেলা প্রশাসনকে আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছি- হতাহতদের এখনই ১৫ হাজার টাকা করে দেবেন। আহতদের চিকিৎসার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে।”

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বঙ্গবাজারের বেশিরভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

ব্যবসায়ীরা বলছেন, বঙ্গবাজারে অন্তত ছয়টি মার্কেটে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ১২ হাজারের ওপরে দোকান পুড়ে গেছে। এর ফলে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন তারা।

ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট, সেনা বাহিনী ও বিমানবাহিনীর দুটি দল। প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট- এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই লোকজন বঙ্গবাজার মার্কেট হিসেবে ডেকে থাকেন। এখান থেকে রাস্তার উল্টো পাশে এনেক্সকো ও বঙ্গো হোমিও মার্কেটেও আগুন ছড়িয়ে পড়েছিল।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সতর্ক অবস্থান নিয়েছেন আশপাশের দোকানপাটের মালিকেরা। তারা তাদের মালামাল নিরাপদস্থানে সরিয়ে নিচ্ছেন।

   

About

Popular Links

x