Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওবায়দুল কাদের: সেপ্টেম্বর-অক্টোবরে মতিঝিল রুটে মেট্রোরেল চালু

এ সময় কাদের বলেন, বিআরটি প্রকল্পটি আরও ভেবেচিন্তে নিলে ভালো হতো। আসলে গাজীপুরের এই সড়কে (ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে) এ ধরনের প্রকল্প চিন্তা করার আগে আমাদের আরও গভীরভাবে ভেবেচিন্তে প্রজেক্ট নিলে ভালো হতো

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৬:৫৫ পিএম

আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল শুরু করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৭ জুন) বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উত্তরা হাউজ বিল্ডিং থেকে চেরাগ আলী পর্যন্ত ৪.৫ কিলোমিটার উড়াল সড়ক পরিদর্শন শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ চলছে প্রায় ১১ বছর ধরে। দীর্ঘ সময় ধরে চলা প্রকল্পটি সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে, অনেক সমালোচনা হয়েছে। 

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “প্রকল্পটি আরও ভেবেচিন্তে নিলে ভালো হতো। আসলে গাজীপুরের এই সড়কে (ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে) এ ধরনের প্রকল্প চিন্তা করার আগে আমাদের আরও গভীরভাবে ভেবেচিন্তে প্রজেক্ট নিলে ভালো হতো। এই সড়কে মানুষের অনেক ভোগান্তি হয়েছে। আমি আপনাদের (সাংবাদিক) সঙ্গে অনেকবার কথা বলেছি। অনেক সমালোচনা হয়েছে। তারপরও প্রকল্পটির সময় বাড়ানোর প্রস্তাব এসেছে। কিন্তু আমাদের যে বাস্তবতা, রাস্তা ও আশপাশের, তাতে এটি ভোগান্তি আরও বাড়াবে। রাজধানীর একটা বিরাট অংশ দুর্ভোগের কবলে পড়বে।”

সড়কে শৃঙ্খলা আনা এখনো একটা বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “সার্বিক বিবেচনায় সবচেয়ে বেশি দরকার রাস্তার শৃঙ্খলা ও পরিবহনের শৃঙ্খলা আনা। গত পবিত্র রমজানের ঈদের আগে এই প্রকল্পের একটি উড়ালসড়কের কিছু অংশ খুলে দেওয়া হয়েছিল।”

সেতুমন্ত্রী বলেন, “কোরবানির ঈদের আগে ভোগান্তি কমাতে এয়ারপোর্টের কাছে বিআরটির জসিম উদ্দিন অংশটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আর আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে পুরো ২০.৫ কিলোমিটার বিআরটি সড়ক চালু হবে। এতে মানুষের আগের মতো ভোগান্তি হবে না।”

এ সময় তিনি আরও বলেন, “নির্বাচনের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টঙ্গী পর্যন্ত চালু করা হবে।”

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের নির্মাণকাজ শেষ হয়েছে। আরও ১০০টি সেতু উদ্বোধনের অপেক্ষায় আছে।” 

সেতুমন্ত্রী উড়ালসড়কটি পরিদর্শনে আসেন বেলা সাড়ে ১১টার দিকে। প্রথমে উড়ালসড়কটির সাইদগ্র্যান্ড সেন্টারের সামনে থেকে টঙ্গীর কলেজ গেট পর্যন্ত পরিদর্শন করেন। এরপর দুপুর পৌনে ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম প্রমুখ।

   

About

Popular Links

x