Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এসএসসির ফল প্রকাশ, কমেছে পাশের হার

সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১২:৩৬ পিএম

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।

এবার এসএসসিতে পাশের হার ৮০.৩৯%, যা গত বছর ছিল ৮৭.৪৪%। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছরের পাশের হার ৭.০৫% কম। 

এছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৭৪.৭০% এবং কারিগরিতে ৮৬.৩৫%।

জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৫.৫৫%, ময়মনসিংহে ৮৫.৪৯%, রাজশাহীতে ৮৭.৮৯%, কুমিল্লায় ৭৮.৪২%, যশোরে ৮৬.১৭%, চট্টগ্রামে ৭৮.২৯%, বরিশালে ৯০.১৮%, দিনাজপুরে ৭৬.৮৪%, সিলেটে ৭৬.০৬%।

অন্যদিকে, জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৩,৫৭৮ জন শিক্ষার্থী। গত বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল দুই লাখ ৬৯,৬০২ জন। অর্থাৎ গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৮৬,০২৪ জন কম।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়েছে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আরও পড়ুন- ঘরে বসেই এসএসসির ফল জানা যাবে যেভাবে

এর আগে বাটন চেপে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে গণভবনে তিনি এসএসসির ফলাফল কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

গত ৩০ এপ্রিল থেকে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা, শেষ হয় ২৮ মে। ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি বিভাগে পরীক্ষা কয়েক দিন পিছিয়ে যায়।

এবার এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২,১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। আগের বছর সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে সময় কমিয়ে দুই ঘণ্টায় পরীক্ষা নেওয়া হলেও এবার সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা নেওয়া হয়।

   

About

Popular Links

x