Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

র‌্যামন ম্যাগসেসে পেলেন জাগো ফাউন্ডেশনের করভী রাখসান্দ

২০০৭ সালে জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন করভী রাখসান্দ। করভিকে ‘উদীয়মান নেতা’ হিসেবে এই স্বীকৃতি দিয়েছে র‍্যামন ম্যাগসাইসাই কর্তৃপক্ষ

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১২:১২ পিএম

জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।

এ বছর এই পুরষ্কার প্রবর্তনের ৬৫তম বার্ষিকীতে করভিকে “উদীয়মান নেতা” হিসেবে এই স্বীকৃতি দিয়েছে র‍্যামন ম্যাগসাইসাই কর্তৃপক্ষ। এবারের র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন আরও তিনজন। তারা হলেন- ভারতের রবি কান্নান আর, পূর্ব তিমুরের ইগুয়েনিও লেমোস ও ফিলিপাইনের মিরিয়াম করোনেল-ফেরের।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ফিলিপাইনের র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। আগামী ১১ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পদক তুলে দেওয়া হবে।

২০০৭ সালে জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন করভী রাখসান্দ। তখন থেকে ফাউন্ডেশনটি একটি স্থানীয় অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। 

জাগো ফাউন্ডেশন বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের জন্য কাজ করছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে পাঠদান সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। তার কাজের স্বীকৃতি হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

এশিয়ায় বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ এ পুরস্কারটি দেওয়া হয় যা জনসেবা থেকে সামাজিক উদ্ভাবন সবক্ষেত্রে এ অঞ্চলের মানুষের জীবনকে প্রভাবিত করে।

এর আগে বাংলাদেশ থেকে মোট ১২ জন এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন-সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ (১৯৭৮), ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ (১৯৮০), গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস (১৯৮৪), গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (১৯৮৫), ক্যাথলিক ধর্মযাজক রিচার্ড উইলিয়াম টিম (১৯৮৭), দিদার কমপ্রিহেন্সিভ ভিলেজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন (১৯৮৮), বেসরকারি সংগঠন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ (১৯৯৯), বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (২০০৪), প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান (২০০৫), বেসরকারি সংগঠন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান (২০১০), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান (২০১২) ও বিজ্ঞানী ফেরদৌসী কাদরী (২০২১)।

   

About

Popular Links

x