Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

একসঙ্গে চার শিশুর জন্ম দিলেন চাঁদপুরের গৃহবধূ

  • অস্ত্রোপচার ছাড়াই এক ছেলে ও তিন মেয়ের জন্ম হয়
  • নবজাতকদের অবস্থা ভালো নেই, তাদের ঢাকায় পাঠানো হতে পারে
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম

চাঁদপুরে একসঙ্গে তিন কন্যাসহ চার শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ। স্বাভাবিক প্রসবে চার নবজাতকের জন্ম হয়। নবজাতকদের অবস্থা ভালো নেই, তাদের ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের ঘোষপাড়ার একটি হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই চার সন্তানের জন্ম দেন ওই নারী। তাদের মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়েশিশু।

নবজাতকদের মা নিপা রানী সরকার (২৫) শহরের ঘোষপাড়া এলাকার স্টেশনারি দোকানি লিটন সরকারের স্ত্রী। বিয়ের পাঁচ বছরের মাথায় এই প্রথম মা-বাবা হয়েছেন এই দম্পতি।

নিপার চাচি মুক্তা রানী শীল বলেন, “সকালে প্রসবব্যথা শুরু হলে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের সিনিয়র নার্স নমিতা সরকার প্রসবের কাজ সম্পন্ন করেন। মা সুস্থ আছে। তবে সন্তানদের ইনকিউবেটরে রাখা হয়েছে।”

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মিঠুন চক্রবর্তী বলেন, “ওই নারী সকাল ৮টার দিকে প্রসবব্যথা নিয়ে আমাদের হাসপাতালে আসেন। আসার পর আমরা সবকিছু দেখে এবং পরীক্ষা করে বুঝলাম তার তখনই প্রসব হবে। যে কারণে আমরা তাকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাই। সেখানে পরপর এক ছেলে ও তিনটি মেয়ের জন্ম (স্বাভাবিক প্রসব) দেন তিনি।”

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন বলেন, “৩০ সপ্তাহের মধ্যেই সন্তান জন্ম হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে দুজনের অবস্থা কিছুটা ভালো হলেও বাকি দুজনের অবস্থা খারাপ। নবজাতকদের ঢাকায় পাঠানো হতে পারে। বর্তমানে তাদের ইনকিউবেটরে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।”

   

About

Popular Links

x