Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাঁজা-ইয়াবাসহ মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা-ডিএমপি কনস্টেবল গ্রেপ্তার

বরিশাল নগরীর পলাশপুর বস্তিতে গাঁজা বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ওবায়েদুল্লাহ ও সিপাহী সবুর। অন্যদিকে নগরীর রুপাতলীর ভোজন বিলাস রেস্টুরেন্টের সামনে থেকে ৩৯৮টি ইয়াবাসহ আটক হন ডিএমপির কনস্টেবল মিজানুর রহমান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ পিএম

বরিশালে মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরীর পলাশপুর বস্তিতে গাঁজা বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. ওবায়েদুল্লাহ ও সিপাহী সবুর।

অন্যদিকে নগরীর রুপাতলীর ভোজন বিলাস রেস্টুরেন্টের সামনে থেকে ৩৯৮টি ইয়াবাসহ রবিবার আটক হন ডিএমপির কনস্টেবল মিজানুর রহমান (৪৪)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিএম আশরাফ উল্লাহ তাহের ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “কাউনিয়া থানা পুলিশ জানতে পারে, পলাশপুর কলোনির স্থানীয় জনতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাসহ দুজনকে আটক করেছে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ও র‌্যাব-৮ সদস্যরা ঘটনাস্থলে যান।

সেখানে তারা জানতে পারেন, বরিশাল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ওবায়দুল্লাহ খান ও সিপাহী মুহাম্মদ সবুর বেসামরিক পোশাকে মোটরসাইকেলে করে স্থানীয় এক মাদক ব্যবসায়ী সোহাগ ওরফে কানা সোহাগের কাছে প্রায় দেড় কেজি গাঁজা নিয়ে বিক্রি করছেন। পরে ওই দুইজনকে থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। র‌্যাব ও পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অপরদিকে ৩৯৮ পিস ইয়াবাসহ আটক হন ডিএমপির কনস্টেবল মিজানুর রহমান (৪৪)। মিজানুর ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের তারাপাশা গ্রামের বাসিন্দা। বরিশালের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাবের অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলকে ৩৯৮ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে র‌্যাব থানায় মামলা হয়েছে।

   

About

Popular Links

x