পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “বাজারের সিন্ডিকেট যদি দেখতে পারতাম, ধরতে পারতাম, তাহলে ব্যবস্থা নিতে পারতাম।”
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশের আয়োজনে “বাংলাদেশ মার্কেটিং ডে”-এর সূচনাপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, “সিন্ডিকেট ধরা যায় না, অধরাই থেকে যায়। তবে এটা সাময়িকভাবে বাজারের ভেতরেই থাকতে পারে। সিন্ডিকেট হয়, সিন্ডিকেট ভাঙে, আবার নতুন সিন্ডিকেট হয়। আমাদের মতো উদীয়মান অর্থনীতিতে এ ধরনের কিছু কিছু বিকৃতি থাকবেই, লাভ বা মুনাফার সুযোগ নেবেই।”
এম এ মান্নান বলেন, “এটা (সিন্ডিকেট) মোকাবিলার জন্য বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ বা নিয়ামক সংস্থাকে বিধিবিধান প্রয়োগ করতে হবে। আইনে যা আছে, সেটাকে মাঠে নেমে প্রয়োগ করতে হবে। এখানে কিছু ঘাটতি মাঝেমধ্যে হয়ে যায়। আমাদের কয়েকটা সংস্থা আছে, একেবারে নতুন। তাদের দাঁত গজাতে হবে তো। তারা ধীরে ধীরে অভিজ্ঞ হচ্ছে, কাজ করছে।”
পরিকল্পনামন্ত্রী বলেন, “বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ায় কারোরই নেই। বাজার নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে। তবে কিছু অনুষঙ্গ আছে- সরবরাহ, চাহিদা। এগুলো নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ করা যায়।”



