Wednesday, September 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

অবৈধ সম্পদ অর্জন: মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০০৭ সালের ১৬ আগস্ট মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৬৭ লাখ টাকার সম্পদ অর্জন ও ২৩ লাখ টাকার সম্পদ বিবরণী গোপন করার অভিযোগে মামলা করে দুদক

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২:৩০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

২০০৭ সালের ১৬ আগস্ট মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৬৭ লাখ টাকার সম্পদ অর্জন ও ২৩ লাখ টাকার সম্পদ বিবরণী গোপন করার অভিযোগে রমনা থানায় মামলা করে দুদক।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম।

মঙ্গলবার এই মামলায় মির্জা আব্বাসের আত্মপক্ষ সমর্থন ও তার পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু জামিনে থাকা মির্জা আব্বাস আদালতে হাজির হননি। তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। ২ নভেম্বর মামলাটির রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

আদালত ২০০৮ সালের ১৬ জুন বিএনপির সাবেক মন্ত্রী মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের পর তারা হাইকোর্টে চ্যালেঞ্জ করেন। শুনানি শেষে হাইকোর্ট আফরোজা আব্বাসের মামলার কার্যক্রম স্থগিত করেন।

২০১৮ সালের ১১ নভেম্বর মির্জা আব্বাসের বিরুদ্ধে বিচার কার্যক্রম স্থগিতের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

এতে ক্ষুব্ধ হয়ে মির্জা আব্বাস সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ-টু-আপিল করেন।

পরে ২০২২ সালের ২৫ অক্টোবর মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি মামলার কার্যক্রম অব্যাহত থাকবে মর্মে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর মির্জা আব্বাস সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেন।

   

About

Popular Links

x