বাংলাদেশের মোট জনসংখ্যা এক তৃতীয়াংশ নাগরিক এখন শহরে বাস করেন; দুই তৃতীয়াংশ থাকেন গ্রামাঞ্চলে।
২০২২ সালের জনশুমারি অনুযায়ী, শহর ও পল্লীভিত্তিক জনসংখ্যার হার যথাক্রমে ৩১.৬৬% ও ৬৮.৩৪%।
সরকারি হিসেবে দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় পরিসংখ্যান ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্প পরিচালক দিলদার হোসেন প্রতিবেদনটি উপস্থাপন করেন।
জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী, মোট জনসংখ্যার মধ্যে নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ ও পুরুষ ৮ কোটি ৪১ লাখ। বাকিরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।
বিভাগভিত্তিক উপাত্ত পর্যবেক্ষণে দেখা যায়, সমন্বয় করা মোট জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় বাস করে। ঢাকায় বসবাসকারী মানুষের সংখ্যা ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন।
চট্টগ্রামে ৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার, রাজশাহীতে ২ কোটি ৮০ হাজার, রংপুরে ১ কোটি ৮০ লাখ ২০ হাজার ৭১, খুলনায় ১ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ২১৮, ময়মনসিংহে ১ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৭২, সিলেটে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ১১৩ এবং সবচেয়ে কম বরিশালে ৯৩ লাখ ২৫ হাজার ৮২০ জন।
প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, ড. শাহনাজ আরেফিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. কাউসার আহাম্মদ উপস্থিত ছিলেন।



