Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেয়ালে পোস্টার সাঁটালে গলায় জুতার মালা, হুঁশিয়ারি মেয়র আতিকের

মেয়র আতিক বলেন, নির্বাচন এলেই ঢাকা শহর পোস্টারে ঢেকে যায়। আমি ইসিকে অনুরোধ করতে চাই, নির্দিষ্ট স্থান ছাড়া পোস্টার লাগানো যাবে না- এমন প্রজ্ঞাপন জারি করুন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নান্দনিক স্থাপনায় পোস্টার সাঁটালে জুতার মালা পরানোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, “আমরা শহরকে দৃষ্টিনন্দন করার অনেক কাজই করি। কিন্তু দুঃখের বিষয়, কাজগুলো কিছুদিন পরেই পোস্টারের আড়ালে ঢেকে যায়। মহাখালীতে যে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট করা হয়েছে, তার ওপর আমি কোনো পোস্টার দেখতে চাই না। যে পোস্টার লাগাবে, তার গলায় জুতার মালা দেওয়া হবে।”

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর মহাখালী ফ্লাইওভারে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, “নির্বাচন এলেই ঢাকা শহর পোস্টারে ঢেকে যায়। স্মার্ট বাংলাদেশে আমরা কেন ডিজিটাল ক্যাম্পেইন করতে পারছি না? আমি ইসিকে (নির্বাচন কমিশন) অনুরোধ করতে চাই, নির্দিষ্ট স্থান ছাড়া পোস্টার লাগানো যাবে না, এমন প্রজ্ঞাপন জারি করুন।”

মেয়র বলেন, “আমরা একটি সুস্থ ও আধুনিক ঢাকা চাই। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলতে চাই, তারা গাড়ি-বাড়ি কিংবা অর্থ-সম্পদের জন্য দেশ স্বাধীন করেননি। তারা কেবল দেশের কথা ভেবেই স্বাধীনতা এনেছেন। এই স্বাধীন বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।”

তিনি বলেন, “এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে নান্দনিক কাজ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা সে মোতাবেক কাজ করছি। এরই মধ্যে কাওলা এক্সপ্রেসওয়ের নিচে প্লে জোন করা হয়েছে। আমরা শহরের প্রতিটি রাস্তায় এমন স্ট্রিট আর্ট দেখতে চাই।”

   

About

Popular Links

x