পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দলের চার সদস্যকে হত্যার প্রতিবাদে সোমবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। হরতালের মধ্যে পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ি হয়ে সাজেকে যাওয়ার পথে দুর্বত্তরা গুলি ছোড়ে। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি গাড়িতে ভাঙচুরও চালায়।
খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যায়। গাড়িগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের চার সদস্যকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।



