Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

নির্বাচনের মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী

নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে সশস্ত্র বাহিনী

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১২:২৭ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে মাঠে নেমেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন তারা।

এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে সশস্ত্র বাহিনী।

বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলো এলাকাভিত্তিক মোতায়েন সম্পন্ন করছে।

ইতোমধ্যে ৬২টি জেলায় সেনাবাহিনী নিয়োজিত হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সমতলে সীমান্তবর্তী ৪৫টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী ৪৭টি উপজেলায় বিজিবি এবং উপকূলীয় চারটি উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। উপকূলীয় দুটি জেলাসহ (ভোলা ও বরগুনা) ১৯টি উপজেলায় নৌবাহিনী দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ বিমানবাহিনী হেলিকপ্টারে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোয় প্রয়োজনীয় সহায়তা দেবে। এছাড়া জরুরি প্রয়োজনে নির্বাচনি সহায়তা দিতে বিমানবাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা ১০ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

   

About

Popular Links

x