Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ তাকে যশোর-বেনাপোল মহসড়ক থেকে আটক করেছে

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০২:৫৪ পিএম

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ টাকার বেশি মূল্যের ৫টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

বুধবার (৫ আগস্ট) ভোর রাতে যশোর-বেনাপোল মহসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ফারুক (৩০) কুমিল্লার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজিবি দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ চৌকস আভিযানিক দল বুধবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন ফারুকের দেহে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ৫২৯.৬৪ গ্রাম ওজনের ৫টি (৪টি সম্পূর্ণ ও ১টির অর্ধেক) স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এছাড়া তার কাছ থেকে ২টি মোবাইল ফোন এবং নগদ ১,৬৫৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। মোবাইল ফোন ও নগদ টাকাসহ মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তার।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবির গোয়েন্দা ও আভিযানিক নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত ও আশপাশের এলাকায় বিজিবির এই কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক উদ্ধার করে মালামালসহ তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x