জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় শাকিল মিয়া (২৫) নামে এক তরুণকে আটক করেছে আনসার সদস্যরা।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশন থেকে একশ গজ দূরে রেল লাইনের ক্লিপ খোলার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক শাকিল মিয়া জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাসিন্দা।
জামালপুর জেলা আনসার কমান্ড্যান্ট মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “ওই তরুণ পিন সরিয়ে স্লিপারগুলো রেললাইনের ওপর ফেলে দিচ্ছিল। আনসার সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলে। গ্রেপ্তারের কাছ থেকে বেশ কয়েকটি রেল লাইনের ক্লিপ উদ্ধার করা হয়েছে।”
রেল লাইনের নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনীর সদস্যরা তাকে আটক করেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, “আটককে জামালপুর রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।”
জামালপুর রেলওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, “এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। এ ছাড়াও আটক ব্যক্তি মাদকাসক্ত কিনা তা যাচাই করে দেখা হবে।”



