Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জবি ছাত্রীর মৃত্যু: ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন সহকারী প্রক্টর

একই মামলার আসামি অবন্তিকার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুই দিনের রিমান্ড চলছে

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১০:৫৩ পিএম

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার “আত্মহত্যার” প্ররোচনার মামলায় গ্রেপ্তার সহপাঠী সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার (১৯ মার্চ) তাকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। বিচারক আবু বক্কর সিদ্দিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

একই মামলার আসামি অবন্তিকার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুই দিনের রিমান্ড চলছে। বুধবার রিমান্ড শেষে তাকেও আদালতে হাজির করবে পুলিশ।

ওসি ফিরোজ হোসেন বলেন, “জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমরা সেগুলো যাচাই-বাছাই করে দেখছি। প্রয়োজনে আরও রিমান্ড চাওয়া হতে পারে।”

শুক্রবার রাতে সহকারী প্রক্টর ও আম্মান সিদ্দিকী নামে এক সহপাঠীকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন ফাইরুজ অবন্তিকা নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রী। শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও ‘‘পিসি পার্ক স্মরণিকা’’ নামে ১০ তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় আত্মহত্যা করেন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে আম্মান ও দ্বীনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন অবন্তিকার মা তাহমিনা শবনম। এতে দুজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়।

রাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে। রবিবার রাতে কুমিল্লা জেলা পুলিশের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে দুইজনকে কুমিল্লায় নিয়ে আসেন।

সোমবার আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের পাঁচ দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দুই দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক রায়হান আম্মান সিদ্দীকের দুই দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের এক দিন রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে শনিবার সকালে রায়হান সিদ্দিকী আম্মানকে বহিষ্কার এবং দ্বীন ইসলামকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে সাময়িক বরখাস্ত হয়েছেন দ্বীন।

ফাইরুজ অবন্তিকা কুমিল্লা সরকারি কলেজের প্রয়াত অধ্যাপক জামাল উদ্দিনের মেয়ে।

   

About

Popular Links

x