Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানের ৬ উপজেলায় ব্যাংক বন্ধ

নিরাপত্তাজনিত কারণে ৬ উপজেলায় সব ব্যাংককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:০৩ পিএম

বান্দরবানে তিনটি ব্যাংকে ডাকাতির পর নিরাপত্তার কারণে ৬টি উপজেলার সব ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে জেলা সদরে ব্যাংকিং কার্যক্রম চলবে।

বুধবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “নিরাপত্তাজনিত কারণে ৬ উপজেলায় সব ব্যাংককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।”

গতকাল মঙ্গলবার রাতে জেলার রুমা বাজারে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা সোনালী ব্যাংকের টাকা লুটের পাশাপাশি ব্যাংকটির শাখা ব্যবস্থাপককেও অপহরণ করে নিয়ে যায়। এরপর বুধবার দুপুরে থানচিতে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বলছেন, এ ঘটনার সঙ্গে কেএনএফ জড়িত। একই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে, দুপুর ১২টার দিকে থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্র ঠেকিয়ে একটি কক্ষে আবদ্ধ করে রাখে। পরে গ্রাহকদের টাকা ও মোবাইল লুট করে পালিয়ে যায় তারা।

এদিকে, দুপুরে ব্যাংক কর্মকর্তার মুক্তির দাবিতে রুমা বাজারে মানববন্ধন করেন সরকারি কর্মচারীরা। এসময় বক্তারা অবিলম্বে ওই ব্যাংক কর্মকর্তার মুক্তির দাবি জানান।

পুলিশ সূত্রে জানা যায়, রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি ও ১৪টি আগ্নেয়াস্ত্র লুটের ঘটনায় মামলা হয়নি। পাশাপাশি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি শাখা ব্যবস্থাপককে।

উল্লেখ্য, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় কৃষি ও সোনালী ব্যাংকে ঘটনার পর রুমা ও থানচি উপজেলায় পর্যটকবাহী সব গাড়ি চলাচল বন্ধ রেখেছে জীপ মালিক সমিতি। জেলার অন্য ৫টি উপজেলার ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানসহ উপজেলারগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

   

About

Popular Links

x