Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আতিক: তেজগাঁওয়ে সড়ক দখল করে ট্রাক রাখা স্থায়ীভাবে বন্ধ হবে

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে খালি জায়গায় আমরা শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৬:০০ পিএম

তেজগাঁওয়ে সড়ক দখল করে যত্রতত্র ট্রাক রাখা স্থায়ীভাবে বন্ধ হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (১৯ জুন) সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা হয়। শুরুতে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম পুরো প্রদর্শনী ঘুরে দেখেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ''তেজগাঁও এলাকায় বিপুল সংখ্যক ট্রাক রাস্তা দখল করে রাখে। আমি এলে চলে যায়, চলে গেলে আবার আসে। অনেকটা টম অ্যান্ড জেরির মতো। এ সমস্যা সমাধানের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে এরই মধ্যে জমি পেয়েছি। তেজগাঁওয়ে বিটিসিএল এবং গৃহায়ন কর্তৃপক্ষের প্রায় ১৫ বিঘা জমি ডিএনসিসিকে দেওয়া হয়েছে। আমরা দ্রুত সেখানে একটি আধুনিক ট্রাক স্ট্যান্ড নির্মাণ করবো। তেজগাঁওয়ে রাস্তা দখল করে যত্রতত্র ট্রাক রাখা স্থায়ীভাবে বন্ধ হবে।''

তিনি বলেন, "এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে খালি জায়গায় আমরা শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থাসহ সুন্দর গণপরিসর করে দিচ্ছি। সেখানে তথ্য ও সংবাদ চিত্রের উন্মুক্ত প্রদর্শনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। ছবি ও তথ্য সেই সঠিক ইতিহাসের কথা বলবে।"

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, সাকুর হোসেন সাকু, হাবিবুর রহমান হাবিব এবং দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু।

   

About

Popular Links

x