কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২০ জুন) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার পুলিশ লাইন বাদশা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুলিশ লাইন বাদশা ঘোনা এলাকার কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন (২৬) ও তার স্ত্রী মাইমুনা আক্তার (২০)। তিনি ৫ মাসের গর্ভবতী ছিলেন।
বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন স্থানীয় পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন। তিনি বলেন, “বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। ভোর রাত ৩টার দিকে মুষলধারে ভারী বৃষ্টিপাত হয়।”
তিনি বলেন, “রাতের খাবার খেয়ে নিজের ঘরে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন। রাত সাড়ে ৩টার দিকে তার ঘরের উপর বড় একখণ্ড মাটি পড়ে। এতে স্বামী-স্ত্রী দুইজনই চাপা পড়ে মারা যান।”
হেলাল উদ্দিন বলেন, “স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করে। পাহাড় ধসের সময় বসতঘরটিতে ওই স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। এর মধ্যে স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।”
মৃতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান হেলাল উদ্দিন।



