Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোহাম্মদপুরে বাবার সিন্দুক থেকে দেড় কোটি টাকা চুরি, মেয়ে গ্রেপ্তার

  • মেয়েকে সঙ্গে নিয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছিলেন বাবা
  • গোপনে বিয়ে করেছিলেন মেয়ে, টাকা তুলে দিয়েছিলেন স্বামীর হাতে
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৪:২৪ পিএম

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের একটি বাসায় এক ব্যক্তির সিন্দুক থেকে দেড় কোটি টাকারও বেশি চুরির ঘটনায় দায়ের করা মামলায় ওই ব্যক্তির মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ওই মেয়ের স্বামীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বাদীর নাম আবদুল হামিদ। তিনি পেশায় ঠিকাদার। টাকা চুরির ঘটনায় দায়ের করা মামলায় ৮ জুলাই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মেয়ে মিনা হামিদ ও মেয়ের জামাই সাকিবুল হাসান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

প্রতিবেদনে বলা হয়, ব্যবসায়ী আবদুল হামিদ স্ত্রী–সন্তান নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করেন। কোরবানি ঈদের দুই দিন আগে তিনি ভোলায় গ্রামের বাড়িতে যান। ঈদ শেষে গত ২০ জুন ঢাকার বাসায় ফেরেন তিনি। ঢাকায় ফেরার ১১ দিনের মাথায় তিনি বাসায় টাকা রাখার সিন্দুক খুলে দেখতে পান, তার ১ কোটি ৬৬ লাখ টাকা নেই।

আবদুল হামিদ বাসার সবাইকে টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু টাকা নেওয়ার কথা কেউ-ই স্বীকার করেননি। পরে হামিদ গত ৪ জুলাই মেয়ে মিনাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চুরির মামলা করেন।

মামলা দায়েরের পর পুলিশ ব্যবসায়ী আবদুল হামিদের বাসায় যান। সিন্দুক না ভেঙে টাকা চুরির সঙ্গে ঘরের লোকজন জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করেন পুলিশ কর্মকর্তারা। বাসায় বসবাসকারী প্রত্যেককে কৌশলে টাকা চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

চার দিনের মাথায় পুলিশ জানতে পারে, ওই ব্যবসায়ীর একমাত্র মেয়ে মিনা টাকা চুরির সঙ্গে জড়িত। এ ঘটনায় মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে মেয়ে পুলিশকে জানান, বাবার সিন্দুক থেকে টাকা নিয়ে তিনি নিজের পছন্দে বিয়ে করা স্বামীর হাতে তুলে দিয়েছেন।

মিনা পুলিশের কাছে স্বীকার করেন, তিনি সিন্দুকের তালা খুলে টাকা চুরি করেছেন। সেই টাকা তিনি স্বামী সাকিবুল হাসানের কাছে দিয়েছেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীর মেয়ে মিনার স্বামীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে চুরির ৯০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা প্রথম আলোকে বলেন, “ব্যবসায়ী হামিদের বাসার সিন্দুক থেকে টাকা চুরির ঘটনায় জড়িত তার একমাত্র মেয়ে মিনা ও তার স্বামী সাকিবুল। জিজ্ঞাসাবাদে তারা টাকা চুরির কথা স্বীকার করেছেন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, মিনা হামিদ বার-অ্যাট ল’ পড়ছেন। পরিবারের কাউকে না জানিয়ে গত বছর রাজধানীর তিতুমীর কলেজ থেকে স্নাতকোত্তর পাশ সাকিবুলকে বিয়ে করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনা জানান, তাদের বিয়ে পরিবার মানবে না। এ কারণে তিনি বাবার সিন্দুক থেকে টাকা নিয়েছেন। উদ্দেশ্য ছিল, বাসা থেকে কাউকে না বলে সাকিবুলের সঙ্গে সংসার শুরু করবেন।

 

   

About

Popular Links

x